মতিঝিলে বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যু
রাজধানীর মতিঝিলে একটি বাসের ধাক্কায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী নিহত হয়েছেন।
নিহত কানিজ ফাতেমা তাসনীম (২০) মতিঝিল আইডিয়ালের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জনান, কলেজ থেকে রিকশায় করে দক্ষিণ যাত্রাবাড়ীতে বাসায় ফেরার পথে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে শাপলা চত্বরে বাসের ধাক্কায় আহত হন তিনি।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক জানান, তাসনীমের সঙ্গে রিকশায় থাকা তার খালা রুবিনা আক্তার রুমি, তাদের রিকশাচালক নুরুল আলম (৫৮) এবং পাশের রিকশার চালক ফজলুর রহমান (৩২) আহত হয়েছেন।
তারা সবাই আশঙ্কামুক্ত বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
তাসনীমের বাবা খালেক হাওলাদার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাদের বাড়ি বরিশালের গৌরনদীতে।
হাসপাতালে তাসনীমের মা রোকসানা বেগম জানান, দুর্ঘটনার পাঁচ মিনিট আগে মেয়ের সঙ্গে কথা হয় তার।
“মেয়ে বলেছিল, মা আমি বিকশায় আসছি বাস পাইনি। কই আমার মা। মা না বলেছিল- সে রিকশায়,” কাঁদতে কাঁদতে বলেন তিনি।
রোকসানা জানান, প্রতিদিন মতিঝিল থেকে বলাকা পরিবহনের বাসে করে দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বাসায় যেতেন তাসনীম। সকালে বাবা তাকে কলেজে পৌঁছে দিত।
শুক্রবার দুপুরে তাকে কলেজে নিয়ে আসেন খালা রুবিনা আক্তার।
কান্না জড়িত কণ্ঠে মা বলেন, “দুপুরে কৈ মাছ দিয়ে আমি আমার মাকে ভাত খাইয়ে দিয়েছি। এখন কাকে ভাত খাইয়ে দিবো।”
এ সময় পাশে বসে থাকা বাবা খালেক হাওলাদার চিৎকার করে বলে উঠেন, “এই মেযেই আমার সব কিছু। তাকে নিয়েই আমি বেঁচে ছিলাম। আমি কিভাবে বাঁচবো।”
২০১১ সালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করেন তাসনীম। কমার্স থেকে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।
