প্রধানমন্ত্রীকে কটূক্তি: শিক্ষক ওয়াহিদুজ্জামান বরখাস্ত
ফেইসবুকে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোলের শিক্ষক এ কে এম ওহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেইসবুকের পোস্টে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও মানহানিকর কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ফৌজদারী মামলার দায়ে গ্রেপ্তার হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮ এর ১০(৪) ধারা অনুযায়ী ওয়াহিদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
গত ২২ অগাস্ট ফেইসবুকে একটি পোস্টে ওহিদুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ‘অশ্লীল ও মানহানিকর কটূক্তি’ করেন, যা নিয়ে পরে গণমাধ্যমেও খবর প্রচারিত হয়।
এতে দেশ-বিদেশে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের মানহানি ঘটেছে অভিযোগ করে গত ১১ সেপ্টেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
একই ব্যক্তি গত ৮ অক্টোবর মুখ্য মহানগর হাকিম আদালতে এনিয়ে ‘মানহানির’ মামলা করলে শুনানি শেষে ওইদিনই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর ওহিদুজ্জামান হাই কোর্টে গিয়ে জামিন চাইলে ১০ অক্টোবর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ তাকে জামিন দেয়।
বুধবার জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মেয়াদ বৃদ্ধির জন্য বিচারিক আদালতে ওহিদুজ্জামান আবেদন করেলে বিচারক তা নাকচ করেন।
