ইউনূস সেন্টার গ্রামীণ ব্যাংকে কেন: মুহিত
গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মধ্যে ইউনুস সেন্টারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ইউনুস সেন্টার প্রতিষ্ঠা করে গ্রামীণ ব্যাংককে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
গ্রামীণ ব্যাংককে ‘ধ্বংসের দিকে’ ঠেলে দেওয়া হচ্ছে- মুহাম্মদ ইউনূস এর এমন মন্তব্যের পরদিন বৃহস্পতিবার মুহিত ইউনুস সেন্টারের সমালোচনা করেন।
সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “হোয়াট ইজ দিস ইউনুস সেন্টার, হোয়াই ইজ ইট সিটিং ইন দি গ্রামীন প্রেমিজেস।”
মিরপুরে গ্রামীণ ব্যাংক কাযালয়ে ইউনুস সেন্টার অফিস।
ইউনুস সেন্টারের ওয়েবসাইটে বলা হয়েছে, অধ্যাপক ইউনুসের মতাদর্শ ছড়িয়ে দেয়া এ সেন্টারের প্রাথমিক উদ্দেশ্য।
ফাইল ছবি
গ্রামীণ ব্যাংক কার্যালয়ের মধ্যে ইউনুস সেন্টার প্রতিষ্ঠাকে ‘উদ্দেশ্যমূলক’ হিসেবে আখ্যায়িত করেন অর্থমন্ত্রী।
গ্রামীণ ব্যাংকে ‘নিয়মিত প্রভাবিত’ করা এবং ‘ফাংশন’ করতে না দেয়ারও অভিযোগ তোলেন মুহিত।
গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের সমালোচনা করে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বুধবার এক বিবৃতিতে বলেন, “এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হলো।”
অর্থমন্ত্রী দাবি করেন, মুহাম্মদ ইউনুস-ই গ্রামীণ ব্যাংককে ধ্বংস করেছেন।
“আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনিই গ্রামীণ ব্যাংক ধ্বংস করেছেন।”
ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে কী না-জানতে চাওয়া হলে তিনি বলেন, “নতুন চেয়ারম্যান নিয়োগ করলে তো উনি (ইউনুস) তার বিরুদ্ধে লাগবেন।”
সমালোচনা করলেও ইউনুসকে কাজের স্বীকৃতি দিয়েছেন মুহিত।
“সে সবসময় দেশের স্বার্থে কাজ করেনি। সে নিজের স্বার্থে কাজ করেছে। তবে সে দেশের জন্য ভালো কিছু করেছে, সেটা তো অস্বীকার করার উপায় নাই। এই যে জামানত ছাড়া ঋণ দেওয়া এটা সে প্রতিষ্ঠিত করেছে। তবে এটা প্রাকটিস ছিল অনেক দেশেই।”
