২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদ মোশাররফ হত্যার তদন্ত-বিচার দাবি

মুক্তিযুদ্ধের ‘কে’ ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরোত্তম হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবি করছেন তার পরিবার ও সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 10:41 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে খালেদ মোশাররফের ৩৮তম স্মরণসভায় এ দাবি জানানো হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ‘এস’ ফোর্সের অধিনায়ক ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীরোত্তম বলেন, খালেদ মোশাররফসহ ওইদিন অনেক মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তাদেরকে হত্যা করা হয়। এই ঘটনার এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। কিভাবে তিনি নিহত হয়েছিলেন, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা বের করা হয়নি।

তিনি বলেন, “এখন একটি বিষয় বললে অনেকে মনে করতে পারেন, আমি নিজের জন্য কিছু চাইছি। আমি নিজের জন্য চাইছি না। আমাকে বলতে হবে।

“দেশে সেক্টর কমান্ডারদের নামে যা কিছু করা তাতে মনে হয় জিয়াই একমাত্র সেক্টর কমান্ডার ছিলেন। যদিও তিনি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে শোনা যায় না। তার জন্য কত বড় একটা মাজার করে রাখা হয়েছে।

“ঢাকার বাইরে যে সব সেক্টর কমান্ডার রয়েছেন, তাদেরকে ঢাকায় এনে সেখানে একত্রিত করা হোক। অন্তত প্রতীকীভাবে হলেও সেটা করা হোক। এখানে সংসদ সদস্যরা রয়েছেন তারা বিষয়টি বাস্তবায়ন করবেন।”

খালেদ মোশাররফের বড় মেয়ে মাহজাবীন খালেদ মোশাররফ বেবী বলেন, “আমার বাবা হত্যার বিচার হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জেলহত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বিডিআর বিদ্রোহের বিচার হয়েছে। আমি আশা করবো আমার বাবা হত্যার বিচারও হবে।”

তিনি বলেন, “আমার বাবা ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতি করতেন। আজীবন তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দেশ গঠনে কাজ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি দেশকে প্রথম সুযোগেই দেশকে প্রগতির ধারায় ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন। এটা করতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়েছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নজরুল ইসলাম বীরপ্রতীক।

তারা স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে খালেদ মোশাররফের সঙ্গে তাদের স্মৃতি তুলে ধরেণ।

মুক্তিযুদ্ধের সময়কার ‘কে’ ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। অক্টোবরে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি আহতও হন। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর হত্যাকারীদের সমর্থনে প্রতিষ্ঠিত সরকারকে ৩ নভেম্বর উৎখাত করেছিলেন। ৭ নভেম্বর পাল্টা অভ্যুত্থানে তিনি নিহত হন।