এ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে রংপুর মেয়রের মামলা
চিকিৎসায় অবহেলার অভিযোগে রাজধানীর এ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১ এ মামলা করা হয়েছে বলে জানিছেন বাদি পক্ষের আইনজীবী।
মামলায় এ্যাপোলো হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নন্দ কুমার, মহাব্যবস্থাপক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে আসামি করা হয়েছে।
বাদিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান জানান, আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম বাদির অভিযোগ গ্রহণ করে তা আগামী রোববার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।
এরআগে গত ১ অক্টোবর এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপুরণ চেয়ে উকিল নোটিশ পাঠান মেয়র ঝন্টু। এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে এ্যাপোলোর বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দেন মেয়র ঝন্টু।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৮ জুলাই রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হন মেয়র ঝন্টু।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের অভিসিনা হাসপাতাল থেকে এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
ওই হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নন্দ কুমারের তত্বাবধানে ১৯ দিন চিকিৎসা নেন তিনি। এজন্য তার কাছ থেকে ১৪ লাখ ৫৪ হাজার টাকা বিল নেয়া হয়।
সংশ্লিষ্ট চিকিৎসক তাকে এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেন।
কিন্তু পরে তার ডান হাতের প্রচণ্ড ব্যাথা অনুভব করলে তিনি আরও দুবার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য যান। তবে ডা. নন্দ কোনো সমস্যা নেই বলে তাকে ফিরিয়ে দেন।
এদিকে, ব্যাথা বেড়ে যাওয়ায় গত ২৩ সেপ্টেম্বর তিনি রংপুরের গুড হেলথ হাসপাতালে পরীক্ষা করান।
এ হাসপাতালের চিকিৎসক ও রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক্সের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এক্স-রে করে দেখেন তার ডান হাত ভাঙাই রয়েছে।
এরপর তিনি ২৭ সেপ্টেম্বর ঝন্টুর ডান হাতের অস্ত্রোপচার করেন।
বর্তমানে ঝন্টু বিশ্রামে রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অর্থপেডিক্সের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “ মেয়র ঝন্টুর ডান হাত ভাঙা ছিল। সেটা সংশ্লিষ্ট চিকিৎসক পরীক্ষা করেননি।”
তবে এ্যাপোলো হাসপাতালের অর্থপেডিক্স কনসালটেন্ট ডা. নন্দ কুমার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
