বরিশালে বাস উল্টে আহত ৩০
বরিশাল সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ২১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রনবির দাস জানান, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ওই সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, সকালে খুলনা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসছিল বাসটি (কুষ্টিয়া ব-১৭০)। মেট্রোপলিটন এলাকার কালিজিরা এলাকায় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এতে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি রাস্তার উপর উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
এ দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ সড়কের উপর থেকে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
