২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বসছেন খালেদা

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক সংকটে সৃষ্ট উৎকন্ঠার মধ্যে  বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এই বৈঠক হবে বলে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউরোপীয় ইউনিয়নের নয়টি দেশের রাষ্ট্রদূতরা বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাতের জন্য জরুরিভাবে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। বিরোধী দলীয় নেতা তাদের সন্ধ্যা ৭টায় সময় দিয়েছেন।”

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন বলেন, “রাষ্ট্রদূতরা আমাকে জানিয়েছেন, তারা একইভাবে  প্রধানমন্ত্রীর কাছেও অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। তবে ওই সময়সূচির বিষয়ে কোনো জবাব তারা এখনো পায়নি।”

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা রাষ্ট্রদূতদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

কয়েক মাস আগে আবর দেশগুলোর রাষ্ট্রদূতরা ফিলিস্তিনের রাষ্ট্রদূত শায়ের মোহাম্মদের নেতৃত্বে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান জানান।