২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরেই থাকলেন মমতা

বন্ধুত্বের বার্তা নিয়ে পরস্পরের জাতীয় পতাকাকে সম্মান দেখাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে দুই দেশের যৌথ রিট্রিট সেরিমনির সূচনা হলেও দূরেই থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

এর মধ্যে দিয়ে কার্যত তিনি দিল্লি আর ঢাকার বর্তমান নেতৃত্বের সঙ্গে তার দূরত্বের বিষয়টিই আবার মনে করিয়ে দিলেন।

বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান আর কুচকাওয়জের মধ্যে পায়রা উড়িয়ে এবং ফলক উন্মোচন করে বিজিবি ও বিএসএফের এই যৌথ কর্মসুচির উদ্বোধন করেন দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সুশীল কুমার সিন্দে।

মমতা বন্দোপাধ্যায় নিজে না এসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিনিধি হিসাবে ওই অনুষ্ঠানে পাঠান।

অনুষ্ঠানে উপস্থিত টাইমস অব ইন্ডিয়ার জয়ন্ত গুপ্ত বলেন, “হঠাৎ মনে হলো দুই বাংলার মাঝে সীমান্তের বাধা বুঝি আর নেই।”

পঞ্জাবের ওয়াগায় পাকিস্তান-ভারত সীমান্তের আদলে বেনাপোল-পেট্রাপোলের এই রিট্রিট সেরিমনির আয়োজন হলেও আক্রমণাত্মক কুচকাওয়াজ শৈলী প্রদর্শনের চেয়ে এ অনুষ্ঠানে গুরুত্ব পায় রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি। 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশী এবং ঢাকা ও কলকাতায় দুই দেশের হাই কমিশনারদের উপস্থিতিতে হালকা রসিকতাও বিনিময় হয় দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে। 

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে একটি ‘রাজনৈতিক বার্তা’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘মিডনাইট ম্যাসাকার’ এর লেখক সুখরঞ্জন দাসগুপ্ত বলেন, “তিনি (মমতা) দুর্গাপূজার একশ প্যান্ডেল উদ্বোধন করতে পারেন, কালিপূজায় নিজে উপস্থিত থেকে এক লাখ লোখকে খাওয়াতে পারেন, কিন্তু বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে এগিয়ে নেয়ার জন্য একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেন না 

“এর মধ্যে দিয়ে যে রাজনৈতিক বার্তা তিনি দিলেন- তা দুই বাংলার জন মঙ্গলজনক নয়।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতার কারণেই শেষ মুহূর্তে আটকে যায় তিস্তার পানিবণ্টন চুক্তি। আর ছিটমহল বিনিময়ে স্থলসীমান্ত চুক্তি হলেও তার বাস্তবায়ন থমকে থাকে মমতার চেষ্টার কারণে।   

রিট্রিট সেরিমনিতে সুশীল সিন্দে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। মহীউদ্দীন খান আলমগীরও তাতে সায় দেন।  

তবে এ অনুষ্ঠানে তিস্তা বা স্থলসীমান্ত চুক্তি নিয়ে কোনো কথা বলেননি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন- ‘দেখা যাক’।

শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, গত পাঁচ বছরে ঢাকা যেভাবে ভারতকে সহযোগিতা করেছে, তার প্রতিদান দিতে নয়া দিল্লি বদ্ধপরিকর।

‘রিট্রিট সেরিমনি’ প্রথমে শুরু হয়েছিল ফ্রান্সের সামরিক বাহিনীতে। পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও এ ধরনের আনুষ্ঠানিকতা চালু করে।

সাধারণত সূর্যাস্তের সময় দিনের কর্তব্য শেষ করে পরস্পরের পতাকার প্রতি সম্মান দেখানোই এ যৌথ অনুষ্ঠানের উদ্দেশ্য। এ সময় ব্যান্ড ও বিউগল বাজানো হয়। পাঞ্জবের ওয়াগা সীমান্তেও ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়মিত ‘রিট্রিট সেরিমনির’ আয়োজন করা হয়।