২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

তুচ্ছ ঘটনার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্বরত এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে বহিরাগত এক যুবক। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 01:46 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের শামসুন্নাহার হলের পাশে অনলাইন পত্রিকা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাখাওয়াত আমিনের ওপর হামলা চালায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ওয়াসিম ওমর। এতে আমিন মাথায় গুরুতর জখম হন বলে জানান ঘটনার প্রত্যক্ষদর্শী ও ঢাবির শিক্ষার্থী নিশিথা ইকবাল নদী।

পরে প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি চিকিৎসার পর তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

ঘটনার পর রাত ৯টার দিকে আহতের সহপাঠী শাফায়াত হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। এর তিন ঘণ্টার মাথায় রাত ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম ওয়াসিমকে গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী নদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শামসুন্নাহার হলের পাশে তার বন্ধু দীন মোহাম্মদ সোহেল এবং ওয়াসিম ওমরের সঙ্গে গল্প করছিলেন। এ সময় তাদের বিপরীত দিকে বসা আমিনের সঙ্গে ওয়াসিমের ধাক্কা লাগে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াসিম পাশে পড়ে থাকা টাইলসের একটি টুকরো দিয়ে আমিনের মাথায় আঘাত করে।

আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ফাঁকেই হামলাকারী ওয়াসিম পালিয়ে যায়।

তিনি আরো জানান, ঢামেক হাসপাতালে আমিনের সিটিস্ক্যান করা হয়েছে। হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।