২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু

রাজশাহীতে ভুল চিকিৎসায় চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিকে ব্যাপক ভাংচুর চালিয়েছে রোগীর স্বজন ও স্থানীয়রা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ডলফিন ক্লিনিকে চেতনানাশক ইনজেকশান দেয়ার পর মোস্তাকিনের (১১) মৃত্যু হয় বলে স্বজনরা অভিযোগ করেন।

নিহত মোস্তাকিন জেলার তানোর উপজেলার আব্দুল্লাপুর গ্রামের কৃষক শামসুদ্দিনের ছেলে। সে একই এলাকার মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির পড়ত।

পুলিশ ওই ক্লিনিকের এক চিকিৎসকসহ  চার কর্মচারীকে আটক করেছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ক্লিনিকটির মালিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নওশের আলীসহ চারজনকে আটক করা হয়েছে।

অন্যরা হলেন ক্লিনিকের ব্যবস্থাপক মাসুদ রানা, অপারেশন থিয়েটারের ইনচার্জ রফিকুল ইসলাম ও নার্স মুক্তা।

মোস্তাকিনের বাবা শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে তার ছেলের বাম হাত ভেঙ্গে যায়। বুধবার বিকেলে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কিছু লোক ভালো চিকিৎসা দেয়ার কথা বলে তাদেরকে ওই ক্লিনিকে নিয়ে যায়।

তিনি আরো বলেন, ডাক্তার নওশের আলী তার ছেলের অপারেশনের কথা বলে প্রথমেই আড়াইহাজার টাকা নিয়ে নেন। বিকাল সাড়ে ৪টার অজ্ঞান করার ইনজেকশন দেয়ার ঘণ্টাখানেকের মধ্যে মোস্তাকিনের মৃত্যু হয়।

এদিকে নিহতের ঘটনার কথা জানতে পেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুদ্ধ স্থানীয়রা ক্লিনেক হামলা চালিয়ে আটটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।