২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাড়ি পোড়ালেন’ কারাবন্দি জনি

বিএনপির নেতৃত্বাধীন জোটের ৬০ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে গাজীপুরে গাড়ি পোড়ানোর দুটি মামলায় আসামি করা হয়েছে কারাবন্দি এক যুবককে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

গাজীপুর সদরের টেকনগপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে হামিদুল ইসলাম জনি ২৮ সেপ্টেম্বর থেকে কাশিমপুর কারাগারে আছেন। কিন্তু গত রোববারের গাড়ি পোড়ানোর মামলায় তাকে আসামি করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোগড়া বাইপাস সড়কের উত্তরে এবং এর কিছুক্ষণ পর চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি বাসে আগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন ভোগড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহীন মিয়া।

মামলার এজাহারে দেখা যায়, দুই মামলাতেই হামিদুল ইসলাম জনিকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

জনির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত জুলাইয়ে তার ছেলেকে জেলা শহরের একটি গাড়ি পোড়ানো ও অস্ত্র মামলায় মামলায় জড়িয়ে দেয়া হয়। অগাস্ট মাসে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জনি এখন কাশিপুর কারাগারে আছেন।

কাশিপুর কারাগারের উপ-কারাধ্যক্ষ মুশফিকুর রহমান জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর বুধবার সকাল ১০টা পর্যন্ত আবুল কাশেমের ছেলে জনি এ কারাগারেই আছেন।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে।