সিদ্ধিরগঞ্জে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এ ঘটনায় নিহত রাসেল মিয়া (৩৫) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
মিজমিজি এলাকায় বাড়ির পাশেই কাপড়ে দোকান রয়েছে রাসেলের।
পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রাসেলে বড় ভাই ইমরান হোসেন বলেন, রাত সাড়ে ১১টায় রাসেল বাড়ি ফিরছিল। বাড়ির কয়েকশ’ গজ দূরে চার/পাঁচজন যুবক ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে।
ইমরান বলেন, কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী ফারুকসহ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
রাসেলই তাদের ধরিয়ে দিয়েছে- এমন ধারণা থেকে তাকে হুমকিও দেয়া হয়েছিল বলে ইমরান জানান।
“দুই/তিন আগে আটক কয়েকজন জামিনে মুক্তি পায়। আমার ভাইকে যারা কুপিয়েছে তারা ওই মাদক সিন্ডিকেটেরই লোক।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
