চাঁদপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত
চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।
বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন বুধবার সকালে সদর উপজেলার বহরিয়ায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
এ সময় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে আগুন দেয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিনের সংঘর্ষের জের ধরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় দলের নেতাকর্মীরা বহরিয়া এলাকায় জড়ো হতে থাকে। এরই এক পর্যায়ে সকাল ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও উপস্থিত রয়েছেন।
