সাতক্ষীরায় পুলিশ-পিকেটার সংঘর্ষ, আহত ৯
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হরতালে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত নয় জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে।
আশাশুনি থানার ওসি ফরিদউদ্দীন সাংবাদিকদের জানান, হরতালের সমর্থনে বেলা ১২টার দিকে চাম্পাফুল থেকে বিএনপি-জামায়াতের একটি মিছিল উপজেলা সদরের দিকে আসছিল।
এ সময় মিছিল থেকে হরতাল সমর্থকরা কয়েকটি দোকানপাট ও সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে।
এতে পুলিশ বাধা দিলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
ওসি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড টিয়ার শেল ও ১০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করেছে।
হরতাল সমর্থকদের ছোড়ো ইটের আঘাতে পুলিশ কনস্টেবল আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা পুলিশের এস আই অমল ও আশাশুনি থানার এ এস আই আব্দুস সামাদ আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হরতাল সমর্থকদের মধ্যে রয়েছেন উপজেলার বাঁকড়া গ্রামের হাফিজুল ইসলাম, কবির আহমেদ, গোঁদাড়ার আব্দুল বারী, আছমা খাতুন, বসুখালীর শহীদুল, গদাইপুরের রুবেল।
সাতক্ষীরার পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, মিছিলকারিরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ বাধ্য হয়ে গুলিবর্ষণ করেছে।
পুলিশের গুলিতে ৫/৬ জন আহত হওয়ার কথা শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, হরতালকারীদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা ও একজন কনস্টেবল আহত হয়েছেন। তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি উপজেলা জামায়াতের আমির নুরুল আমিনের দাবি, পুলিশের গুলিতে তাদের ২০ জনেরও অধিক নেতাকর্মী আহত হয়েছেন।
সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে জামায়াত-শিবিরকর্মীরা।
সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা শহরে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিজিবির টহল রয়েছে।
