‘বাহিনীর কলঙ্ক দূর হলো’
পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর ‘কলঙ্কতিলক’ দূর হলো বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার এ হত্যা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন আমরা এই রায়ের জন্য অপেক্ষা করে ছিলাম। বিজিবিতে যে কলঙ্কতিলক ছিল- আজ এই রায় ঘোষণার মাধ্যমে তা দূর হলো।”
চার বছর আগে পিলখানায় বিডিআর সদর দপ্তরে রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান মঙ্গলবার বহু আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে এ মামলার জীবিত ৮৪৬ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসির আদেশ দেন বিচারক।
রায়ে সন্তোষ প্রকাশ করে বিজিবির মহাপরিচালক বলেন, “দৃষ্টান্তমূলক সাজা হয়েছে। পরিবারগুলোর যে ক্ষত, তা কাটিয়ে সান্ত্বনা পাবেন। শহীদদের আত্মা শান্তি পাবে।
“আমি আমার অনেক কোর্সমেটকে হারিয়েছি। এই রায়ের মাধ্যমে আমারও শান্তি লাগছে।”
যারা শাস্তি পেয়েছে, তাদের প্রতি কোনো ‘সহানুভূতি নেই’ বলেও উল্লেখ করেন আজিজ আহমেদ।
তবে সব অভিযোগ থেকে খালাস পাওয়ারা ‘পরিস্থিতি’ বিবেচনায় চাকরিতে ফেরার সুযোগ পাবেন বলে জানান বিজিবির মহাপরিচালক।
“আজকে অনেকে খালাস পেয়েছে। তাদের অনেকে হয়ত বিদ্রোহের মামলায় দাণ্ডিত হয়েছে। এছাড়া বিস্ফোরক আইনে অন্য একটি অভিযোগও অনেকের বিরুদ্ধে রয়েছে।”
“সব অভিযোগ থেকে কেউ খালাস পেলে পরিস্থিতি বিবেচনায় তার চাকরিতে ফেরার সুযোগ থাকবে।”
পরের দুই দিন ধরে বিডিআর মহাপরিচালকসহ ৭৪ জনকে হত্যা করে বিদ্রোহী জওয়ানরা। পিলখানার ভেতরে কর্মকর্তাদের বাড়িঘরে চালানো হয় ব্যাপক লুটপাট ও ভাঙচুর। ৩৩ ঘণ্টা পর শ্বাসরুদ্ধকর এ বিদ্রোহের অবসান হয় আত্মসমর্পণের মধ্য দিয়ে।
শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেয়ার মাত্র এক মাসের মাথায় এ বিদ্রোহের ঘটনা নানা জল্পনা আর অবিশ্বাসের জন্ম দেয়। পুরো বিশ্বেই ঘটনাটি আলোড়ন তোলে।
রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।
