ন্যূনতম মজুরি না মানায় অসন্তোষ, ১৩ কারখানায় ছুটি
মালিকপক্ষ মজুরি বোর্ডের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত না মানায় শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়ায় ১৩টি কারখানায় একদিনের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার আশুলিয়ায় ৬টি এবং সাভারে ৭টি পোশাক কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে চলে গেলে এ ছুটি ঘোষণা করা হয় বলে শিল্প পুলিশ জানিয়েছে।
দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল শ্রমিকরা। অবশেষে সোমবার মজুরি বোর্ড ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩শ’ টাকা করলে মালিকপক্ষ তা মেনে নেয়নি।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে মালিকপক্ষের এ সিদ্ধান্ত জানতে পেরে ফুঁসে ওঠে। পরে তারা বিক্ষোভ করে কারখানা থেকে বেরিয়ে চলে যায়।
এরপর কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১ সাভার অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই কারণে সাভারের রাজাশন রোড ও বিরুলিয়া এলাকার ৭টি ছোট-বড় পোশাক কারখানার শ্রমিকরা বেরিয়ে চলে যায়।
গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি বোর্ডের সিন্ধান্ত শ্রমিকরা মেনে নিয়েছে। কিন্তু মালিকপক্ষ মানছে না।
“হিসেবে শ্রমিকদের মানার কথা নয়, সেখানে হচ্ছে উল্টোটা।”
মিন্টু বলেন, বিকালে বিজিএমইএ কারখানা মালিকদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।
“মালিকপক্ষ মজুরি বোর্ডের সিদ্ধান্ত না মানলে আমরা কঠোর আন্দোলনে যাব। তখন আবার আমরা মজুরি বোর্ডকে পুনর্বিবেচনা করে ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবি তুলব।”
