চট্টগ্রামে হাতবোমায় দুই সাংবাদিক আহত
চট্টগ্রামে বিএনপি কর্মীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে দুই সাংবাদিক আহত হয়েছেন।
এরা হলেন- চ্যানেল আইর ক্যামেরাপার্সন শামসুল আলম বাবু এবং দেশ টিভির ক্যামেরাপার্সন মো. হাসান।
মঙ্গলবার সকালে নগরীর স্টেশন রোড এলাকায় হরতালের সমর্থনে নগর বিএনপির মিছিল থেকে এ হাতবোমা ছোড়া হয়।
চ্যানেল আইর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
মিছিলটি স্টেশন রোড এলাকায় পৌঁছানোর পর মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বোমার স্প্রিন্টারে বাবুর পায়ে এবং হাসানের হাতে জখম হয় বলে জানান ফরিদ।
এসময় ছাত্রদলের কয়েক কর্মী আহত বাবুকে হাসপাতালে নিয়ে আসে বলেও জানান তিনি।
ওই হাসপাতালটি বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন।
দেশ টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর সবুজ জানান, আহত হওয়ার পর হাসানকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।
সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির মিছিলটি স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় মিছিলের পিছন দিক থেকে ককটেল ছুড়ে মারা হয়।
এছাড়া এদিন হরতালে নগরীতে অন্য কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সোমবার সকাল থেকে সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল করছে বিএনপি।
