মিরসরাইয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫
চট্টগ্রামের মিরসরাইয়ে হরতালকারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়াহাটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সকাল ৮টার দিকে বারৈয়াহাট এলাকায় গাড়ি ভাংচুরসহ নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়।
“এসময় পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পুলিশের ওপর হামলা করে।”
হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।
পরে শর্টগানের বেশ কয়েক রাউন্ড গুলি এবং কাঁদুনে গ্যাসের সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে ওসি ইফতেখার জানান। নির্বাচনকালীন নির্দলীয় সরকার দাবিতে সোমবার সকাল থেকে সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
