২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রো রেলের পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন

মেট্রোরেলের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 12:06 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

মুহিত সাংবাদিকদের জানান, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ের মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ব্যয় ধরা হয়েছে ৯২৮ কোটি টাকা।

পরামর্শক প্রতিষ্ঠানগুলো প্রস্তাবিত মেট্রোরেলের নকশা, নির্মাণ কাজের তদারকি, ক্রয় কাজে সহযোগিতা ও ব্যবস্থাপনা করবে।

“২০১৮ সালের মধ্যে প্রধাম ধাপের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি,” বলেন মন্ত্রী।

পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জাপানি কোম্পানি নিপ্পন কোই-এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম এই কাজ করবে।

কনসোর্টিয়ামের অন্য কোম্পানিগুলো হলো -কোম্পানি নিপ্পন কোই ইন্ডিয়া, দিল্লি মেট্রোরেল করপোরেশন, মট ম্যাকডোনাল্ড ইউকে, মট ম্যাকডোনাল্ড ইন্ডিয়া এবং বাংলাদেশের ডিজাইন অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেড।     

মেট্রোরেল প্রকল্পের বেশির ভাগ অর্থই দেবে জাপান। এ বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জাইকার সঙ্গে চুক্তি করে সরকার।

পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকাই জাইকা দেবে। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা যোগাবে সরকার।

২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এই উড়াল রেলপথ উত্তরা তৃতীয় পর্যায় থেকে শুরু হয়ে পল্লবী হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেইট দিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।

মেট্রোরেল চালু নিয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সমীক্ষা শুরু হয় এবং বর্তমান সরকার আমলে তা এগিয়ে চলে। তবে প্রথম নকশায় বিজয় সরণী রুট নিয়ে বিমানবাহিনীর আপত্তির কারণে ঝুলে যায় প্রকল্পটি।

সবশেষে গত ১৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকে এই প্রকল্প অনুমোদন পায়। সিদ্ধান্ত হয়, তিন পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন হবে ২০২২ সালের মধ্যে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মেট্রোরেল চালু হলে এই পথে ঘণ্টায় ৬০ হাজার মানুষ চলাচল করতে পারবে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের কাজ চলবে তিন ধাপে। প্রথমে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত (১১ কিলোমিটার) ২০১৯ সালের মধ্যে,  দ্বিতীয় পর্যায় সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত (৪ দশমিক ৪০ কিলোমিটার) ২০২০ সালের মধ্যে এবং তৃতীয় পর্যায় পল্লবী থেকে উত্তরা পর্যন্ত (৪ দশমিক ৭ কিলোমিটার) ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন হবে।