২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নওগাঁ যাচ্ছেন মঙ্গলবার  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নওগাঁ সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:25 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

মঙ্গলবার তিনি পোরশা উপজেলায় বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকালে পোরশা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

নওগাঁর পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সাধন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী বেশকিছু সড়কের উন্নয়ন প্রকল্প, ব্রিজ ও ভবন নির্মাণসহ মোট ১৩টি কাজের উদ্বোধন ও সাতটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সড়ক ও ব্রিজ সংক্রান্ত প্রকল্পগুলোর মধ্যে আছে ধামইর হাট আমাইতাড়া আগ্রাদ্বিগুন রাস্তায় আত্রাই নদীর উপর সেতু, চাপাইনবাবগঞ্জ-নওগাঁ ভায়া বটতলী সড়ক উন্নয়ন, বটতলী থেকে চৌবাড়িয়া জিসি সড়ক উন্নয়ন, নোচনাহার-সোমনগর-শিবপুর জিসি সড়ক উন্নয়ন, নিয়ামতপুর নিমদিঘী সড়ক উন্নয়ন, মুশিদপুর ব্রিজ, পাহাড়পুর সেতু প্রভৃতি।

ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নিয়ামতপুরে ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার, নিয়ামতপুর থানা ভবন, ৫০শয্যাবিশিষ্ট পোরশা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স, মুশিদপুর ইউনিয়ন পরিষদ কমপে¬ক্স ভবন ও পোরশা উপজেলা পরিষদ ডাকবাংলো ভবন।

এছাড়াও তিনি নওগাঁ সদরের ১০০ শয্যাবিশিষ্ঠ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ,  নওগাঁ টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ও পোরশা হাতিকুচা বিলের পুনখনন উদ্বোধন করবেন।

এছাড়া পোরশাবাসী প্রধানমন্ত্রীর আগমনে কিছু নতুন ঘোষণাও আশা করছেন।

নওগাঁ- জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোরশাবাসীর আশা প্রধানমন্ত্রী পোরশার জনসভায় নওগাঁয় গ্যাস সংযোগের ঘোষণাসহ পোরশা কলেজকে সরকারি কলেজ করার ঘোষণা দিবেন ।