২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় আহত আনোয়ারের বাড়িতেও বোমা

হরতালের আগের দিন রাজধানীর কাঁটাবনে বিস্ফোরণে আহত আনোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা ও বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

১৮ দলের হরতালের আগের দিন সকালে কাঁটাবনে বিস্ফোরণে আহত হন আনোয়ার। বিস্ফোরিত বোমাটি তার পকেটেই ছিল বলে পুলিশ জানিয়েছে।

হরতালের আগের দিন বিভিন্ন স্থানে বিস্ফোরণ এবং গাড়ি পোড়ানোর মধ্যে এই ঘটনার পর রাজধানীর আফতাব নগরে আনোয়ারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

বিস্ফোরণে আহত আনোয়ার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারের বাড়িতে দুটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

তার বাসায় জিহাদি পোস্টার, প্রচারপত্র ও পুস্তিকাও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

তবে আনোয়ার কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে উপকমিশনার মাসুদ জানান।

Image
হরতালের আগের দিন কাঁটাবনে বিস্ফোরণে আহত আনোয়ার হোসেন।

হরতালের আগের দিন কাঁটাবনে বিস্ফোরণে আহত আনোয়ার হোসেন।

তিনি জানান, রাজধানীর আনারকলি সুপার মার্কেটে আনোয়ারের একটি খেলনার দোকান রয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে।

বোমায় আহত হওয়ার পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বোমাটি আনোয়ারের পকেটেই ছিল।

১৮ দলের প্রধান দল বিএনপির অভিযোগ, হরতাল ডাকার পর বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়িতে অস্ত্র রেখে তাদের গ্রেপ্তারের কৌশল নিয়েছে পুলিশ।