নারায়ণগঞ্জে যুবদল-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৬
বিএনপি-জামায়াতসহ ১৮ দলের টানা হরতালের প্রথম দিনে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে যুবদলকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনায় ছয় জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় স্থানীয় নেতা কর্মীদের নিয়ে একটি মিছিল করেন মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কর্পোরেশন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় শুরু হয়। এক পর্যায়ে মিছিল থেকে ১০/১২টি ককটেল ফাটানো হয়।
পরিস্থিতি সামলাতে পুলিশ গুলি ছুড়লে হরতালকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।
এদিকে একই এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। পরে শীতলক্ষ্যা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।
হরতালের সকালে রূপগঞ্জের মৈকুলি এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে করে থানা ছাত্রদলের কর্মীরা। বিএনপি কর্মীরা আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকাতেও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে দ্বিতীয় দফায় টানা তিন দিনের হরতাল পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এর আগে ২৭ থেকে ২৯ অক্টোবর টানা হরতাল করে দলটি।
