২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা ফাটাল স্বেচ্ছাসেবক দল, সাংবাদিক পেটাল শ্রমিকলীগ

হরতালের মধ্যে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে বোমাবাজির পর সাংবাদিকদের ঘেরাও করে মারধর করেছে শ্রমিকলীগ কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বিরোধীদলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার সকাল ৯টার দিকে বংশালের ঘোড়ার গলিতে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বলে বংশাল থানার এসআই খোদা নেওয়াজ জানান।

টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপারসন কবীরুল ইসলাম পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা একটি মিছিল নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকটি হাতবোমা ফাটানো হয়। মিছিলের শব্দ শুনে কাছেই উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান।

তাদের মধ্যে এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশন, চ্যানেল আই, জনকণ্ঠসহ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা ছিলেন বলে পিন্টু জানান।

হাতবোমা ফাটার পরপরই রাস্তার এক দিকে অবস্থারত শ্রমিকলীগের কর্মীরা মিছিলকারীদের ধাওয়া দিলে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গলির ভেতরের দিকে সরে যায়।

পরে শ্রমিকলীগের কর্মীরা লাঠিসোটা হাতে গণমাধ্যমকর্মীদের ঘিরে ধরে বলে পিন্টু জানান।

তিনি বলেন, “তারা এসে আমাদের বলে- ‘এত ভিতরে তো মিছিল হওয়ার কথা না, তোরা আসছোস বলে এইখানে মিছিল হইছে। তোরাই এইটা করাইছোস’।”

এক পর্যায়ে উপস্থিত কয়েকটি টেলিভিশন চ্যানেলের কর্মীদের মারধর করা হয় বলেও জানান পিন্টু।

বংশাল থানার এসআই খোদা নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেমন কিছু হয়নি। ঘটনা শুরুর পরপরই পুলিশ গিয়ে এটিএন বাংলা, এনটিভি ও চ্যানেল আই কর্মীদের উদ্ধার করে।”