নিজামীর মামলায় যুক্তিতর্ক শুরু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন এ মামলার প্রসিকিউটর মোহাম্মদ আলী।
প্রথম দিনের যুক্তিতর্কে একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি এবং মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী বাহিনী হিসেবে আলবদর বাহিনীর গঠনের ইতিহাস ও ভূমিকা তুলে ধরেন।
গত বৃহস্পতিবার এ মামলায় চতুর্থ ও শেষ সাফাই সাক্ষী নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে নাজিব মোমেনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হওয়ার পরে রোববার থেকে প্রসিকিউশনকে যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর ৬, ৭, ১০ ও ১১ নভেম্বর মোট চার দিন আসামিপক্ষকে তাদের যুক্তি উপস্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল।
বুধবার সকালে নিজের অসমাপ্ত সাক্ষ্য দেয়া শেষ করেন নাজিব মোমেন। সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার অসমাপ্ত জেরা সমাপ্ত করেন তারা।
গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন সাফাই সাক্ষী হাজির করার অনুমতি দিয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২১ অক্টোবর সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
ছেলে নাজিব মোমেনের আগে নিজামীর পক্ষে সাক্ষ্য দেন আরো তিনজন। তারা হলেন- কেএম হামিদুর রহমান, মো. শামসুল আলম ও আব্দুস সালাম মুকুল।
গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান। এরপর তাকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। গত বছরের ২৬ অগাস্ট থেকে এবছরের ৮ অক্টোবর পর্যন্ত নিজামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।
এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
