পাবনায় সম্প্রদায়িক সহিংসতা: গ্রেপ্তার ১
ফেইসবুকে মহানবীকে কটূক্তি করার অভিযোগ তুলে পাবনার সাঁথিয়া উপজেলায় হিন্দু বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার বিকালে গ্রেপ্তার রেজাউল করিম (৩০) এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি একই এলাকার গৌরী গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
উপজেলার বনগ্রাম এলাকার দশম শ্রেণির ছাত্র রাজীব সাহার (১৭) ফেইসবুক পাতায় মহানবীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয়।
পরদিন রাজীব সাহার বাড়িসহ স্থানীয় হিন্দুদের অন্তত ৩৫টি বাড়ি, তিনটি মন্দির ও ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়।
কথিত কটূক্তিকারী রাজীবের বাবা বাবলু সাহা সকালে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।
আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার রেজাউল এজহারভুক্ত আসামি ও বিএনপি সমর্থক।
এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মুনিরুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল টিন, ৩০ কেজি চাল ও নগদ পাঁচ হাজার করে টাকা দেয়া হয়।
এদিকে, সহিংসতার ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার স্বপ্রণোদিত দেয়া এ আদেশে পুলিশের মহা পরিদর্শক, পাবনার এসপি, পাবনার সাঁথিয়া থানার ওসিকে এ আদেশ বাস্তবায়ন করে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
একইসঙ্গে ঘটনাস্থলের নিরাপত্তা বিধানের জন্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও ফেইসবুকে ওই পোস্টদাতাকে চিহ্নিত করতে বলেছে আদালত।
