ফরিদপুরে আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ
ফরিদপুর শহরের নিলটুলী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মেঘনা আবাসিক হোটেলে টিপু সুলতানের (৫৫) লাশ পাওয়া যায়।
তিনি রাজধানীর খিলগাঁও এলাকার শামসুদ্দিনের ছেলে বলে হোটেলের নিবন্ধন খাতায় উল্লেখ আছে।
হোটেলের ব্যবস্থাপক অজয় কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার (২৮ অক্টোবর) টিপু ব্যবসায়িক কাজে ফরিদপুরে এসে ওই হোটেলের ৫০৭ নম্বর কক্ষটি ভাড়া নেন।
বিকালে ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশে খবর দেয়।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, কক্ষের দরজা ভেঙে দেখা যায় ওই ব্যবসায়ীর লাশ খাটের এক পাশে পড়ে আছে।
লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, বলেন ওসি।
