মুঈনুদ্দীনের ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ফেনীতে
বুদ্ধিজীবী হত্যার দায়ে চৌধুরী মুঈনুদ্দীনের মৃত্যুদণ্ড হওয়ায় আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে জন্মস্থান ফেনীর লোকজন।
মুক্তিযুদ্ধের সময় নয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার দায়ে দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
পলাতক আশরাফুজ্জামান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, আর মুঈনুদ্দীন আছেন যুক্তরাজ্যে।
১৯৪৮ সালের নভেম্বরে ফেনীর দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামে চৌধুরী মুঈনুদ্দীনের জন্ম। তার বাবার নাম দেলোয়ার হোসাইন।
মুঈনুদ্দীনের ফাঁসির দণ্ড হওয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে মো. সুমন জাহিদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা খুশি হয়েছি। দ্রুত রায় কার্যকরের অপেক্ষায় থাকলাম।”
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার ও মামলার সাক্ষী এবিএম বাহার জানান, মুঈনুদ্দীনের নির্দেশে আল বদর বাহিনী ফেনীর কৃতি সন্তান শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সেলিনা পারভীন, চিত্র পরিচালক জহির রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহী বি চৌধুরীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
বিদেশ থেকে ফিরিয়ে এনে চৌধুরী মুঈনুদ্দিনের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানও দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
চৌধুরী মুঈনুদ্দিনের চাচাতো ভাই আমিরুল ইসলাম চৌধুরী জানান, এরশাদ সরকারের আমলে কঠোর পুলিশ পাহারায় অল্প সময়ের জন্য বাড়ি এসে ঘুরে যান। বর্তমানে তার বসত ঘরে তালা ঝুলছে। মাঝেমধ্যে ছোট ভাই জাকির উদ্দিন চৌধুরী ঢাকা থেকে আসেন। আপনজন বলতে তেমন কেউ বাড়িতে থাকেন না।
