চুয়াডাঙ্গায় হাতবোমায় পিপির মহুরি আহত
চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটরের (পিপি) মহুরি আশাবুল হক ডালিমের বাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে জেলার দামুড়হুদার উজিরপুর গ্রামে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন ডালিম।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব বলেন, ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পিপি আলমগীর হোসেন জানান, দুর্বৃত্তরা ডালিমের বাড়িতে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বোমার আঘাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
