বগুড়ায় পর্যটন মোটেলে কলেজছাত্রী খুন
বগুড়ায় পর্যটন মোটেল থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মোটেলের ২০৭ নম্বর কক্ষে কনা খাতুনের (২০) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের কলিম উদ্দিনের মেয়ে কনা বগুড়ার আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
মোটেলের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের এনামুল হক নামের এক যুবক কনাকে নিয়ে শুক্রবার বেলা সাড়ে ৩টায় মোটেলে আসেন।
“নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মোটেলের ২০৭ নম্বর কক্ষ ভাড়া নেন তারা। শনিবার দুপুরে রুম চেকিংয়ের সময় তাদের ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”
শাহজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ৩টায় মোটেলের ওই কক্ষের দরজা ভেঙে কনার লাশ উদ্ধার করে।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
