‘মজিনার তৎপরতা কূটনৈতিক শিষ্টাচারের লংঘন’
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার তৎপরতা কূটনৈতিক শিষ্টাচারের লংঘন বলে অভিযোগ করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতা আবু সাইয়িদ।
শুক্রবার সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলায় এক সমাবেশে তিনি এ কথা বললেও মজিনার তৎপরতার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
সম্প্রতি মজিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারত যান। ভারত সফরে সে দেশের নীতিনির্ধারকদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের পর বাংলাদেশের আসন্ন নির্বাচন বিষয়ে দুই দেশের মতৈক্য হয়েছে বলে মজিনার বরাত দিয়ে খবর প্রকাশ হয়। তবে ওই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নয়া দিল্লি।
‘ফোরাম ৭১’ নামের একটি সংগঠনের ব্যানারে দেয়া এক সংবর্ধনা সভায় আবু সাইয়িদ বলেন, বাংলাদেশের মানুষ তাদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। এজন্য বিদেশি প্রভুদের প্রয়োজন নেই।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা একটি রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে কোনো পন্থা গ্রহণযোগ্য নয়। সংবিধানে নির্বাচনী ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আলোচনায় বসলে এই সমস্যা সমাধান সম্ভব।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া এ জ্যেষ্ঠ নেতা সংবর্ধনা সভায় নিজ এলাকার এক আওয়ামী লীগ নেতার (নাম উল্লেখ করেননি) সমালোচনা করেন।
তিনি বেড়া ও সাথিয়ার পুলিশের উদ্দেশে বলেন, এই এলাকায় এক ব্যক্তির পুলিশি শাসন কায়েম হচ্ছে। পুলিশের দ্বারা এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি নির্যাততেন স্বীকার হয়েছেন।
পাবনার বেড়ায় এক ব্যক্তির শাসন চলছে বলেও আবু সাইয়িদ উল্লেখ করেন।
বেড়া কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিতিএ সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক খান, ফোরাম ৭১ এর আহবায়ক আব্দুল আওয়াল প্রমুখ।
সাঁথিয়া পুরো উপজেলা এবং বেড়ার কিছু অংশ নিয়ে পাবনা-১ সংসদীয় আসন গঠিত।
১৯৭০, ৭৩ ও ৯৬ সালে এই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আবু সাইয়িদ। ৯৬ এ গঠিত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
২০০৮ সালের নির্বাচনে এ আসনে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকু। এ সরকারে প্রথমে তাকে জ্বালানি প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়, যা এখনো পালন করছেন।
