২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুদকের মামলার আসামি ভূমি কর্মকর্তা

৬০ কোটি টাকা মূল্যের সরকারি জমি আত্মসাতের অভিযোগে সাভারের সাবেক সহকারী কমিশনারসহ (ভূমি) পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সাভার মডেল থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি (নং- ৫২) দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

আসামিরা হলেন সাভারের সাবেক সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন হায়দার  (বর্তমানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব), আশুলিয়া ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী শৈলেশ চন্দ্র দাশ (বর্তমানে ঢাকার গুলশান সার্কেলের গোবিন্দপুরের ভূমি উপ-সহকারী), আশুলিয়া ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী আজগর আলী (বর্তমানে ঢাকার ক্যান্টনমেন্ট সার্কেলের ক্যান্টনমেন্টের ভূমি উপ-সহকারী) এবং আশুলিয়ার টংগাবাড়ীর বাসিন্দা আব্দুল কাদের ও আলী আমজাদ।

মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজসে সাভার উপজেলার বাসাইদ মৌজায় ৬০ কোটি টাকা মূল্যের ১০ দশমিক ৪০ একর সরকারি জমি আত্মসাত করেছেন।

সাভারের বাসাইদ এলাকার মালু মাতবর নামের এক ব্যক্তি সরকারি এ জমি নিজের দাবি করে জেলার জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা (১০৩/৬৫) দায়ের করেন। পরে ওই মামলার চূড়ান্ত রায়ে মালু মাতবর জয় লাভ করেন।

কিন্তু পরে তৎকালীন সরকারি কৌঁসুলি (জিপি) উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিলি করেননি। এ মামলা সংক্রান্ত কোনো তথ্য ঢাকার জজ আদালতে পাওয়াও যায়নি বলেও মামলায় উল্লেখ করা হয়।

পরবর্তীতে মালু মাতবর মারা যাওয়ার পর তার চার ছেলে ওই জমির খাজনা নেয়ার আদেশের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে আবেদন করেন।

পরে  অতিরিক্ত জেলা প্রশাসক খাজনা নেয়ার নিদের্শ দিলেও আসামিরা যোগসাজশ করে একটি মিথ্যা মিসকেস দেখিয়ে ওই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে দখলে নেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলাটি দুদক তদন্ত করবে বলেও ওসি জানান।