২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর মামলায় রোববার থেকে যুক্তিতর্ক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে ৩ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 11:52 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার এ মামলায় চতুর্থ ও শেষ সাফাই সাক্ষী নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে নাজিব মোমেনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হওয়ার পর আগামী রোববার থেকে প্রসিকিউশনকে যুক্তিতর্ক উপস্থাপনের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৩ থেকে ৫ নভেম্বর অর্থাৎ রোববার থেকে মঙ্গলবার পর‌্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর ৬, ৭, ১০ ও ১১ নভেম্বর মোট চার দিন আসামিপক্ষকে তাদের যুক্তি উপস্থাপনের জন্য সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল।

এদিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল তার আদেশের আগে প্রসিকিউশনের প্রস্তুতির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

বুধবার বিকালে এই মামলার যুক্তিতর্ক শুরু করার জন্য মঙ্গলবার আদেশ দিয়েছিল বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনাল।

তবে শেষ সাফাই সাক্ষী নিজামীর ছেলে নাজিব মোমেনকে প্রসিকিউশনের জেরা করা শেষ না হওয়ায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়নি।

বুধবার সকালে নিজের অসমাপ্ত সাক্ষ্য দেয়া শেষ করেন নাজিব মোমেন। সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার অসমাপ্ত জেরা সমাপ্ত করেন তারা।

বাবার পক্ষে শেষ সাফাই সাক্ষী হিসেবে গত ২৪ অক্টোবর সাক্ষ্য দেয়া শুরু করেন নাজিব মোমেন। তবে গত তিনদিন হরতালের মধ্যে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এ সাক্ষী ও নিজামীর আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত থাকে।

গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজন সাফাই সাক্ষী হাজির করার অনুমতি দিয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২১ অক্টোবর সাফাই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

ছেলে নাজিব মোমেনের আগে নিজামীর পক্ষে সাক্ষ্য দেন আরো তিনজন। তারা হলেন- কেএম হামিদুর রহমান, মো. শামসুল আলম ও আব্দুস সালাম মুকুল।

গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান।এরপর তাকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। গত বছরের ২৬ অগাস্ট থেকে এবছরের ৮ অক্টোবর পর‌্যন্ত মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় এ অভিযোগ আনা হয়।

এর আগে একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।