২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: রিমান্ডে নির্যাতনের অভিযোগ ২ আসামির

জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছিল বলে আদালতে অভিযোগ জানিয়েছেন ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন বৃহস্পিতিবার আদালতে দেয়া বক্তব্যে এই অভিযোগ করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এই মামলার কার্যক্রম চলছে। আদালত আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

রহিম আদালতে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য, চোরাচালান করার জন্য নয়।

“২০০৯ সালের ১৫ মে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সদর দপ্তরে সারারাত আমাকে অমানবিক নির্যাতন করা হয়। পরদিন চট্টগ্রাম সিআইডি অফিসে এনে মধ্যরাত পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়।”

এরপর ঢাকায় ফিরিয়ে নিয়ে রিমান্ডে থাকা অবস্থায় হাত-চোখ বেঁধে, পা ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়েও নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেন রহিম।

“তাদের একই কথা, যা বলব সেভাবে সাক্ষ্য না দিলে অন্য মামলায় দেব। আবার রিমান্ডে আনব।”

ঢাকা-চট্টগ্রাম আনা-নেয়ার সময় ‘ক্রসফায়ারের’ শিকার হওয়ার শঙ্কায়ও থাকতে হত বলে জানান তিনি।

“আমি ধরে নিয়েছিলাম, প্রাণ বাঁচাতে হলে তারা যা বলে, সেভাবে করতে হবে। সেজন্য তারা যেভাবে বলে সেভাবে আগে ড্রাফট করা একটি ১৬৪ ধারার জবানবন্দিতে স্বাক্ষর করি। একাধিকবার বলা হয়েছে কথা মত সাক্ষ্য না দিলে ২১ অগাস্টে মামলায় জড়ানো হবে।”

“আমি সাক্ষী দেয়ার দুই বছর পর আমাকে সে মামলায়ও জড়ানো হয়েছে। আমি বর্তমানে চারটি মামলার আসামি। তারা বলেছে প্রয়োজনে ১০টা মামলা দেয়া হবে। কিভাবে জেলে রাখতে হয় আমরা জানি।”

লিয়াকত বলেন, গ্রেপ্তারের আগে এনএসআইয়ের মহাপরিচালক তাকে ডেকে পাঠিয়েছিলেন।

 “সেখানে গেলে ১০ ট্রাক অস্ত্র আটকের বিষয়ে কিছু জানি কি না জিজ্ঞেস করা হয়। কিছু জানি না বললেও আমাকে সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।”

লিয়াকত বলেন, “আমাকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে একজন বিভিন্ন প্রশ্ন করলে আমি তার পরিচয় জানতে চাই। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। আমি তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললে তিনি কেটে পড়েন।

“পরে দেখেছি, ওই সাংবাদিক যেভাবে প্রশ্ন করেছিলেন, সেভাবেই অভিযোগপত্রে আমার বিরুদ্ধে অভিযোগ লেখা হয়।”

রিমান্ডে থাকা অবস্থায় ১৬৪ ধারার জবানবন্দি দিতে র‌্যাব কর্মকর্তাদের দিয়ে ‘ক্রসফায়ারের’ হুমকিও দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন লিয়াকত।

 “আমাকে বলা হয় রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিমের বিরুদ্ধে সিআইডি যেভাবে বলে সেভাবে যেন সাক্ষ্য দিই। আমি যেহেতু মিথ্যা বলি না, তাই ১৬৪ ধারায় কোনো জবানবন্দি নিতে পারেনি। তাদের প্রস্তাব অগ্রাহ্য করায় আমাকে আসামি করা হয়েছে।”

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল সারকারখানার জেটিঘাটে ১০ট্রাক অস্ত্র আটক করে পুলিশ।

এই মামলার আরেক গ্রেপ্তার আসামি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী যুদ্ধাপরাধের মামলায় আসামি হওয়ায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়নি। জামিনে থাকা ও গ্রেপ্তার আসামিদের মধ্যে শুধু তাকেই পরীক্ষা করা বাকি আছে।