কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
এক কিশোরীকে হত্যার দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম ম সাঈদ তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলাম রুবেল (২৮), আল মামুন (২৯) ও আব্দুল মোমেন রবিন (২৮)।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আজিজুল হক জানান, ২০১২ সালের ২৮ মার্চ রাত ৮টায় হোসেন্দি পূর্বপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে ও হোসেন্দি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী নাদিরা আক্তার (১৪) পাশের বাড়ি যাওয়ার সময় রুবেল, মামুন ও রবিন তাকে উঠিয়ে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা নাদিরাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
পরদিন নাদিয়ার ভাই রুনু মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
চলতি বছরের ৩১মার্চ মামুন দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।
