চট্টগ্রামে চালু হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টার
চট্টগ্রামে চালু হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টার।
নগরীর ডবলমুরিং থানার পাশে গড়ে ওঠা এ সাপোর্ট সেন্টারটির পরীক্ষামূলক কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা।
তবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন তদন্ত বিভাগে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় ইউএনডিপির অর্থায়নে প্রতিষ্ঠিত এ ভিকটিম সেন্টারটি চালু হলে নির্যাতনের শিকার নারীরা সেখানে এসে অভিযোগ জানাতে পারবে।
নগর পুলিশের একজন মহিলা সহকারী কমিশনারের নেতৃত্বে ২০ জন পুলিশ সদস্য ভিকটিম সেন্টার পরিচালনার দায়িত্বে থাকবেন।
এছাড়া মহিলা সমিতিসহ চট্টগ্রামের ১০টি উন্নয়ন সংস্থা পুলিশকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, ভিকটিম সেন্টারে নির্যাতিত নারী ও শিশুদের কাউন্সিলিং করার পাশাপাশি চিকিৎসারও ব্যবস্থা করা হবে।
এছাড়া নয়জন নির্যাতিত একসাথে পাঁচদিন সেখানে অবস্থান করতে পারবে জানিয়ে তিনি বলেন, এর ফলে নির্যাতিতদের কাউন্সিলিং, চিকিৎসার পাশাপাশি পুলিশের তদন্ত করতেও সুবিধা হবে।
প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা এ ভবনটির নির্মাণ কাজ করছে গণপূর্ত বিভাগ। নভেম্বরের প্রথম সপ্তাহে মধ্যে তা নগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ কর্মকর্তা মাসুদ-উল-হাসান বলেন, আগামী ১ নভেম্বর থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পরীক্ষা মূলক কার্যক্রম শুরু হবে।
ভিকটিম সাপোর্ট সেন্টারটিকে তদন্ত বিভাগেও রূপান্তর করার কথা জানিয়ে তিনি বলেন, এজন্য ইতোমধ্যে জনবল চেয়ে চিঠি দেয়া হয়েছে।
প্রস্তাবিত জনবলে একজন পুলিশ উপ-কমিশনারকে এ বিভাগের প্রধান করা হবে।
এছাড়া একজন অতিরিক্ত উপ-কমিশনার, চারজন সহকারী কমিশনার, পাঁচজন পরিদর্শক, ১০ জন উপ-পরিদর্শক ও ১৮ জন সহকারী উপ-পরিদর্শক ও ৫০ জন কনস্টেবল চাওয়া হয়েছে।
পুলিশের পাশাপাশি পাঁচজন সিভিল স্টাফও নিয়োগ দেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে বলে জানান মাসুদ।
