নাটোরে সাংবাদিক আহতের ঘটনায় ২ মামলা
দায়িত্ব পালনের সময় নাটোরে আরটিভির সাংবাদিক শেখ তোফাজ্জল হোসাইন আহত হওয়ার ঘটনায় দুইটি মামলা হয়েছে।
এ দুই মামলায় আওয়ামী লীগ, বিএনপি ও শিবির নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
১৮ দলী জোটের হরতাল চলাকালে গত সোমবার দুপুরে নাটোর শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ছবি ওঠানোর সময় শেখ তোফাজ্জল হোসাইন গুরুতর আহত হন। তিনি রাজশাহী মেডিকেল ক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক রুহুল আমিন ওরফে বিপ্লব বাদী হয়ে সদর থানায় করা মামলায় শহর যুবদলের সম্পাদক আব্দুল মালেক ও শহর জামায়াতের আমির রাসেল হোসেনসহ ২৬ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়।
মামলায় গুরুতর জখম করা ও ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করা হয়েছে।
মামলাটি গ্রহণ করে সদর থানা বৃহষ্পতিবার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে।
এ ব্যাপারে তোফাজ্জল হোসাইনের বাবা শহিদুল্লাহ শেখ বলেন, “আমার ছেলের মামলা করার তারা কে? তাদের বিরুদ্ধেই তো আমার অভিযোগ রয়েছে। থানা পুলিশ এই মামলা গ্রহণ করে নিরপেক্ষতা হারিয়েছে।”
বাদী রুহুল আমিন বলেন, “ঘটনার সময় আমাদের নেতাকর্মীরাও আহত হয়েছিলেন। তাই আমি বাদী হয়ে মামলা করেছি।”
বৃহষ্পতিবার দুপুরে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে অপর মামলাটি করেন তোফাজ্জল হোসাইনের বাবা শহিদুল্লাহ শেখ।
এ মামলায় জেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এহিয়া চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকারসহ আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
নালিশে গুরুতর জখম করে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।
শুনানি শেষে আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা নাটোর সদর থানাকে নালিশটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মামলা দুটি দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কাজ তারা করেননি। অভিযোগ যাই হউক, তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
