২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইকোসকের সদস্য নির্বাচিত

আগামী তিন বছরের  জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার জাতিসংঘ সদরদপ্তরে ১৮৭টি সদস্য দেশের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ১৮১ ভোট পড়ে।

এই নির্বাচনের মধ্য দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে চীন ও দক্ষিণ কোরিয়া ২০১৪-১৬ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছে। আর পাকিস্তান ও কাতারের স্থলাভিষিক্ত হচ্ছে বাংলাদেশ ও কাজাকস্থান।

এই পরিষদের অন্য সদস্য দেশগুলো হলো জর্জিয়া, রাশিয়া, সার্বিয়া, বসওয়ানা, ডেনমার্ক, নিউ জিল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্য।

মামুন-অর-রশিদ জানান, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ৪১টি কমিটিতে সক্রিয়। ইকোসক হলো জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা ও উন্নয়ন সম্পর্কিত ১৪টি সংস্থার সমন্বয়ী প্রতিষ্ঠান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকারের দক্ষতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইকোসকের সদস্য নির্বাচনেও এর স্বীকৃতি মিলেছে।

এর আগে ১৯৭৬-৭৮, ১৯৮১-৮৩, ১৯৮৫-৮৭, ১৯৯২-৯৪, ২০০৪-০৬ ও ২০১০-১২ মেয়াদেও বাংলাদেশ ইকোসকের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে।