২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খুন

খুলনায় পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, বুধবার রাত ১১টার দিকে শেখপাড়া বাজারে সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগমের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রানা ওরফে ট্যারা রানা (৪০) সোনাডাঙ্গা আবাসিক এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

এ ঘটনায় আহত শামীম নামে আরেকজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে পলাতক রানার নামে র‌্যাবের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। সে খুলনা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামরুজ্জামান জানান, রাতে কাউন্সিলরের অফিসের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রানাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রানার মাথা, মুখ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

এর আগে গত ৮ এপ্রিল রানার বোনের স্বামী  ফেরদাউস হোসেন হিরুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। 

যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলাসহ ১৩ মামলার আসামি ছিলেন হিরু।