২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছর পর মায়ের কোলে ফিরলো সনু

পদ্মা নদীতে পড়ে হারিয়ে যাওয়া শিশু সন্তানকে যুবক হিসেবে ফিরে পেলেন মা নাসিমা বেগম।

রাজশাহী প্রতিনিধি

বদরুল আলম লিটন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 10:05 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এমন অভাবনীয় ঘটনার জন্ম দিয়ে বুধবার রাজশাহীর পাঠানপাড়ায় নানা বাড়িতে মায়ের কাছে ফিরে আসেন জুয়েল, হারিয়ে যাওয়ার আগে যার নাম ছিল সোনা মিঞা ওরফে সনু।

সকাল ১০টার দিকে জুয়েল নানা বাড়িতে এসে হাজির হলে তাকে নিয়ে হইচই পড়ে যায় পুরো এলাকায়। প্রায় ২৬ বছর বয়সী এই যুবককে নিজের ছেলে বলে চিনতে একটুও কষ্ট হয়নি মায়ের, শরীরের পোড়া দাগ দেখে মুহূর্তেই ছেলেকে সনাক্ত করেছেন তিনি।

দুপুরে নগরীর মনিবাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে কথা হয় নয়া দিল্লিফেরত সোনা মিঞা ও নাসিমার সঙ্গে।

ওই দোকানের পানি সরবরাহকারী নাসিমা বলেন, “ছোটবেলায় দুষ্টুমি করায় ক্ষিপ্ত হয়ে জ্বলন্ত লাকড়ি ছুড়ে মেরেছিলাম। কে জানত সেই আগুনের পোড়া দাগ দেখেই চিনে নিতে হবে নিজের ছেলেকে।”

তিনি জানান, সনুর তিন-চার বছর বয়সে তার স্বামীর মৃত্যুর পর থেকে ছেলেসহ পাঠানপাড়ায় বাবা রাব্বেল শেখের বাড়িতে থাকতেন। হারিয়ে যাওয়ার আগে পর‌্যন্ত সনুর দিন কেটেছে পাঠান পাড়াতেই।

হারানোর ঘটনা সম্পর্কে জানতে চাইলে জুয়েল বলেন, পদ্মার পাড়ে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিলেন তিনি। তারপর আর কিছু মনে নেই।

জুয়েল বেশিরভাগ কথা হিন্দিতে বললেও ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতে পারছেন। তবে বাংলা বুঝতে তার অসুবিধা হচ্ছে না।

এসময় প্রতিবেশি জামিল হোসেন বলেন, সনু খেলতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। “ওই সময় আমি পদ্মার পাড়েই ছিলাম।”

তিনি বলেন, তিনি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছেন। পরে ডুবুরিরাও খুঁজেছে তাকে, পায়নি।”

তিনি জানান, ওই সময় এলাকায় একটি বেদের বহর অবস্থান করছিল, যারা তাকে উদ্ধার করে বেচে দিয়েছিল বলে পরে জানতে পেরেছেন জুয়েল।

জুয়েল জানান, নয়াদিল্লির ভুবনিপুরা পাহাড়তলীতে জালাল নামের এক সাঁওতাল সাপুড়ের পরিবারে তিনি বড় হয়েছেন, যাকে বাবা বলেই জানতেন তিনি। সপ্তাহখানেক আগে জালাল তার মেয়ে মুক্তার সঙ্গে জুয়েলের বিয়ের আয়োজন করেন।

তখন প্রতিবেশীরা ‘নিজের ছেলে-মেয়েতে বিয়ে হয় না’ বলে এতে বাধা দেন। সাপুড়ে তখন বাধ্য হয়ে জানান, ছেলেটি তার নিজের নয়, বাংলাদেশের রাজশাহীর পাঠানপাড়া থেকে এনে একজন সাপুড়ে তার কাছে বিক্রি করেছিলেন।

এতোদিন ‘পাঠানপাড়া’ শব্দটা মাঝে মাঝে মনে এলেও বুঝতে পারেননি কোথায় ওই জায়গাটা। কিন্তু সেদিন জালালের মুখ থেকে রাজশাহীর নাম জানতে পেরেই বিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

ফেরার পথে তাকে কৌশল প্রয়োগ করতে হয়েছে। ট্রেনে হিজড়াদের সহযোগিতায় তাদের মতো করে কাপড় পরে হিলি স্থলবন্দর হয়ে বাংলাদেশে ঢুকেন জুয়েল। এরপর সোজা চলে আসেন কাঙ্ক্ষিত পাঠানপাড়ায়।

মায়ের সঙ্গে চা দোকানের সামনে দাঁড়িয়ে জুয়েল নামের সনু বলেন, “এখন যদি একটা গাড়ির নিচে পড়ে মরি তাও শান্তি পাব। আমি আমার দেশের মাটিতে ফিরতে পেরেছি।”

“এত বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমার ছেল্যাকে ফিরিয়ে দাও...” বলে আর কথা বলতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরলেন মা।