উল্লাপাড়ায় দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই অটোরিকশার সংঘর্ঘে দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন।
উল্লাপাড়া থানার এসআই আহসান হাবিব জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার জুংলিপুর এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি জোয়াদ্দারপাড়ার আব্দুল মালেক জোয়াদ্দার (৫০) ও লিটন হোসেন (২২)।
আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে একটি জলাশয় থেকে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি বলেন, নিহত ইব্রাহিম হোসেন (৪৫) কামারখন্দ উপজেলার বালুকুল গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইব্রাহিম মঙ্গলবার বিকেলের পর থেকেই নিখোঁজ ছিলেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
