২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় হরতালকারীদের ছাত্রলীগের ধাওয়া

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় হরতালের সমর্থনে বিরোধী দলীয় জোটের মিছিলে বাধা দিয়েছে ছাত্রলীগ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এর আগে হরতাল সমর্থকদের মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ ও উপজেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামানের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে।

মিছিলটি হাসপাতাল সড়কে পৌঁছালে  মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে লাঠিসোঠা নিয়ে  ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ছত্রভঙ্গ হয়ে মোহাম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ এলাকায় অবস্থান নেয় হরতালকারীরা।

এ ঘটনায় বিএনপির পাঁচ কর্মী সামান্য আহত হয়েছেন বলে উপজেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামান দাবি করেন।

নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদপুরে স্বতঃস্ফূর্ত হরতাল চলছে। হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল করলে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে।”

এ বিষয়ে ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ইদুল শেখ বলেন, “বিএনপির নেতাকর্মীরা জামায়াত-শিবিরের ক্যাডারদের নিয়ে মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ সময় স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে আমরা তাদের বাধা দিতে বাধ্য হই।”

মোহাম্মদপুরে জামায়াতে ইসলামী কোনো কার্যক্রম চালাতে গেলে তাদের প্রতিরোধ করারও ঘোষণা দেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম  জানান, ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর  পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, বিজিবি, র‌্যাবের একাধিক টিম এলাকায় টহল দিচ্ছে।

বিরোধী দলীয় জোটের ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন মঙ্গলবার আওয়ামী লীগের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহতের প্রতিবাদে মোহাম্মদপুরে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে ১৮ দলীয় জোট।

এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বিরোধী দল।  

মোহাম্মদপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, সহিংতা এড়াতে মঙ্গলবার রাত থেকেই উপজেলায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির টহল রয়েছে।

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে হালকা যানবাহন চলছে।