সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে' নিহত ২
সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৫টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
নিহতরা হলেন- মোর্তুজা হোসেন রানা (৩২) ও মোশারেফ শেখ (৩০)। এদের মধ্যে মোর্তুজা একটি দস্যু বাহিনীর প্রধান বলে জানিয়েছে র্যাব।
বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলানদীর পূর্ব পাড় এলাকায় এ সংঘর্ষ হয় বলে র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর মো. আনোয়ারুল কবীর জানান।
তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় জেলেরা লাশ সনাক্ত করেছেন। মোর্তুজা বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি গ্রামের হাবিব শেখের ছেলে এবং মোশারেফ একই উপজেলার জয়মনির ঘোল গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটকদের বিচরণের এই ছবি ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের আগে তোলা ছবি। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“এসময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ করে গুলি ছোড়া শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত গোলাগুলির পর দস্যুরা পিছু হটলে র্যাব ওই এলাকায় তল্লাসি চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে,” বলেন তিনি।
লাশ ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মংলা থানায় নেয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
