২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ. লীগ নেতা খুন, প্রতিবাদে সড়ক অবরোধ

যশোরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি ও বোমা মেরে হত্যার প্রতিবাদে ঢাকা-যশোর মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।   

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নিহত নজরুল ইসলাম আওয়ামী লীগের কোতয়ালি থানা শাখার ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এবং যশোর টায়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তার বাড়ি শহরের বারান্দি মোল্লাপাড়ায়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এলাকায় সন্ত্রাস ও মাদক বিরোধী একটি মিছিল করার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন তিনি।

কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মনিহার এলাকায় ঢাকারোড তালতলা পাড়ায় তার ওপর হামলা হয়।    

তিনি বলেন, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন নজরুল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরে কয়েক সন্ত্রাসী এসে তাকে তিন রাউন্ড গুলি বর্ষণ করে। তিনটি বোমাও মারে তার ওপর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় নজরুলকে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। পথেই রাত ১টার দিকে মৃত্যু হয় নজরুলের।

যশোর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুল ইরলাম বেনু  জানান, নজরুলের বুকে, পায়ে ও পিঠে গুলি লেগেছিল।

এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে গুরতর জখম ছিল বলে জানান তিনি।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে মনিহার এলাকায় ঢাকা-যশোর মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ী সমিতি ও দলীয় নেতা-কর্মীরা।

এতে রাজধানীর সঙ্গে দক্ষিণপশ্চিমাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প পথে যানবাহন চলাচল করে।

কেতোয়ালী থানার এসআই সন্তু বিশ্বাস জানান, দুই ঘণ্টা অবরোধের পর সকাল সোয়া ১০টার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।