২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মিছিল থেকে বোমাবাজি

নির্দলীয় সরকার দাবিতে বিরোধী দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিন সকালে সিলেটে প্রায় ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 11:17 AM

Updated : 25 Apr 2022, 07:27 PM

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো আয়ুব  জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর জিন্দাবাজারে হরতালকারীরা এ বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল ৮টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। পরে ১৮ দলের ব্যানার নিয়ে কোর্ট পয়েন্টের দিকে রওয়ানা হয় তারা।

মিছিলটি জিন্দাবাজার এলাকায় আসার পর মিছিল থেকে হাতেবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

‘শিবির-পুলিশ ভাই ভাই, শেখ হাসিনার রক্ষা নাই’ শ্লোগান দেয় শিবির কর্মীরা।

হাতবোমা বিস্ফোরণের সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার মো আয়ুব  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ দলের মিছিল থেকে কোন দলের নেতা-কর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মিছিল শেষে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ করে ১৮ দল।

তৃতীয় দিনের হরতালে সকাল থেকেই নগরীতে হালকা যানবাহন  চলাচল করছে। সিলেট থেকে  দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন।

হরতালে নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে  অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  র‌্যাব ও বিজিবিও রয়েছে মাঠে।