কিশোরগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, ‘যুবদলকর্মীর’ মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে আহত এক ‘যুবদলকর্মীর’ মৃত্যু হয়েছে।
সোমবার সকালে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে এ সংঘর্ষে আহত হন হাছেন আলী (৩২)। বাজিতপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে তার মৃত্যু হয়। হাছেন আলী উপজেলার রামদী ইউনিয়নের বাগপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
বিএনপির দাবি, পুলিশের টিয়ার সেলের আঘাতে তার মৃত্যু হয়েছে। কিন্তু, পুলিশ তা অস্বীকার করেছে।
কিশোরগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এছাড়া বাজিতপুরে ১৪৪ ধারা জারি করা হয়।
কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি শরীফুল আলম নিহত হাছেন আলীকে উপজেলা যুবদলের সদস্য বলে দাবি করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে পুলিশের নিক্ষিপ্ত টিয়ার শেলের আঘাতে হাছেন আলী পেটে আঘাত পান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার সৈয়দ আনোয়ার হোসেন বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
দুই উপজেলায় ১৪৪ ধারা জারি
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে জেলার বাজিতপুর ও পাকুন্দিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, হরতালকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জানমালের নিরাপত্তা রক্ষায় প্রশাসন ওই দুই উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে।
জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
সকালে বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে একটি মিছিল বের করে। একই সময় আওয়ামী লীগও হরতাল বিরোধী মিছিল বের করে।
এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে।
