হরতালে চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
হরতালের দ্বিতীয় দিনে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার দুপুরে নগরীর সল্টগোলা ও বড়পুল এলাকায় হরতালকারীদের সঙ্গে ক্ষমতাসীনদের এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেলা ১২টার দিকে সল্টগোলায় দুই দল মিছিল বের করে। এক পর্যায়ে তারা মুখোমুখি অবস্থানে চলে এলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করা হয় বলে ওসি জানান।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে বড়পুল এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে জানান হালিশহর থানার ওসি শাহজাহান কবীর।
হরতালকারীরা যানবাহন ভাংচুরের চেষ্টা চালালে তাতে বাধা দিতে যায় আওয়ামী লীগের কর্মীরা।
পরিস্থিতি সামলাতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে ওসি জানান।
এদিকে, হরতালকারীরা নগরীর ডবলমুরিং এলাকায় আগ্রাবাদ শেখ মুজিব সড়কের কর্ণফুলী মার্কেটের সামনে দুটি বাস ভাংচুরের চেষ্টা চালায়।
এ সময় সেখান থেকে তিন পিকেটারকে আটক করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম।
দ্বিতীয় দিনের হরতালের সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে বিএনপিকর্মীদের।
‘নাসিমন ভবনের’ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
