২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবরোধ, বিস্ফোরণ-ভাংচুর

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ, হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের হরতাল শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোটের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সোমবার সকালে জেলার সোনারগাঁ, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বিরোধী দলীয় নেতা-কর্মীরা হরতালের সমর্থনে এ সব তৎপরতা চালায়।

সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান জানান, থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় হরতালের সমর্থনে লাঠি মিছিল বের হয়।

এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফতুল্লা থানার ওসি আক্তার হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাগলা এলাকায় সড়ক অবরোধ করে বিএনপির সহযোগী সংগঠন যু্বদলের স্থানীয় নেতা-কর্মীরা।

এ সময় তারা চার থেকে পাঁচটি যানবাহন ভাংচুর করে এবং আট থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়।  

এরপর সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, শিবির কর্মীরা গাছের গুড়ি ফেলে এবং অগ্নিসংযোগ করে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা প্রায় ১০টির বেশি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধী জোটের হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বড় ধরনের নাশকতার কোনো খবর পাওয়া যায়নি।

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে রয়েছে বিজিবি টহল।

এদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরে চলাচল করছে হালকা গণপরিবহন।