২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিও সংশোধন: প্রতিবেদন সংসদে উপস্থাপন

দলীয় প্রার্থী হলে তিন বছরের সদস্য পদ থাকার বিধানটি বিলুপ্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছে সংসদীয় কমিটি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া এ প্রতিবেদন সংসদে তোলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দণ্ডিত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য করে ও নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকা উন্নীত করে বেশ কিছু সংশোধন এনে আরপিও বিল উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

পরে বিলটি স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্যে পাঠানো হলে এসব প্রস্তাবের বাইরে বিদ্যমান আইনের অনুচ্ছেদ ১২ এর দফা ১ (ঞ) বিলুপ্তির সুপারিশ করে সংসদীয় কমিটি।

এ দফাটি বিলুপ্ত হলে দশম সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে নিবন্ধিত দলের ৩ বছরের সদস্যপদ থাকার বাধ্যবাধতা আর থাকবে না। অবশ্য প্রথমবারের মতো নিবন্ধন শুরু হওয়ায় নবম সংসদ নির্বাচনের আগেও বিধানটি কার্যকর ছিল না।

Image
File Photo

File Photo

সংশ্লিষ্টরা বলছেন, বিধানটি বিলোপ হলে আসন্ন সংসদ নির্বাচনে দল বদল, মনোনয়ন বাণিজ্য ও ভুঁইফোড় রাজনৈতিক দলের দৌরাত্ম্য বাড়বে।

২৫ অক্টোবর বিএনপির সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলেন, বিশেষ দলকে সুবিধা দিতে আরপিও সংশোধন করবেন না। একদলীয় নির্বাচন বন্ধ করুন। সব দলের অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করতে হবে। ‘বাড়াবাড়ি’ করলে ফল শুভ হবে না।

তিন বছরের বাধ্যবাধকতা তুলে দেয়ার বিষয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ রোববার বলেন, “আইন প্রণয়ন করা সংসদের কাজ। জনগণ ভোট দিয়ে তাদের সেখানে পাঠিয়েছে। তারা যেটা ভাল মনে করেন সেটাই সিদ্ধান্ত নেবে।

আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।

ইসি গত জুলাইয়ে আরপিও সংশোধনের প্রস্তাব পাঠায় সরকারের কাছে। এরপর মন্ত্রিসভায় অনুমোদনের পর তা সংসদে বিল আকারে উত্থাপন করা হয়। স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের কিছুদিনের মধ্যে এ সংশোধন বিল পাস হতে পারে।

পুরনো খবর:

‘ডিগবাজির’ পথ খুলছে