নারায়ণগঞ্জে বাসে আগুন, বিএনপি নেতা আটক
বিএনপি নেতৃত্বাধীন ১৮ জোটের হরতালের শুরুতেই নারায়ণগঞ্জে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হরতালের সমর্থনে মিছিল থেকে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনের দাবিতে রোববার থেকে সারা দেশে টানা ৬০ ঘণ্টার এই হরতাল করছে বিরোধী দলীয় জোট।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে শহরের মিশনপাড়ায় ‘সেতু পরিবহনের’ একটি বাসে আগুন দেয় পিকেটাররা। পরে পুলিশ এসে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে নিতাইগঞ্জ এলাকায় মহানগর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের হয়।
এ সময় ৪/৫টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে ভোরে শহরের মণ্ডলপাড়া থেকে নগর বিএনপির সাধারণ সম্পাদক কামালকে আটক করে পুলিশ।
হরতালের সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও চলছে অভ্যন্তরীণ বাহনগুলো। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক।
হরতাল শুরুর আগে শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার সস্তাপুর এলাকায় ‘আল্লাহ ভরসা পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয়া হয়। কয়েকটি স্থানে ঝটিকা মিছিল ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেস্টা করে হরতালকারীরা।
শনিবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় হরতালের সমর্থনে লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির। এসব ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
