সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিন আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে । এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
রোববার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এসময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ছানাউল হক মণ্ডল জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
